মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার খাগড়বাড়িয়া মঠমন্দিরে অনুষ্ঠিত ৩১ তম বার্ষিক ৩ প্রহর ব্যাপী অষ্টকালীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির প্রয়াত চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী।
মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় খাগড়বাড়িয়া মঠমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দ। তারা আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলো সমাজে নৈতিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহানাম যজ্ঞ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় আয়োজিত এ মহানাম যজ্ঞ আগামী কয়েকদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে।