মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত মধ্য বোয়ালখালী বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পাবলিক টয়লেটের অভাবে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে বাজারটির এসব মৌলিক অবকাঠামোগত সুবিধার অভাব থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মধ্য বোয়ালখালী বাজারটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বাজারে বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০টি স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে। প্রতিদিন খালকুল পাড়া, আশ্রম পশ্চিমপাড়া, উত্তর রশিদ নগর, মধ্য বেতছড়ি, তারাবুনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য এখানে সমবেত হন।
তবে গুরুত্বপূর্ণ এ বাজারে নেই কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র, পানির রিজার্ভার কিংবা জরুরি অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাজারে বৈদ্যুতিক সংযোগ থাকলেও অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের মতে, ২০১৩ সালের ১১ নভেম্বর বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বাজারের একপাশের অধিকাংশ দোকান পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন অনেকাংশে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও ব্যবসায়ীদের মনে আতঙ্ক জাগায়।
স্থানীয় দোকানদার ইয়াকুব আলী বলেন, বাজারে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অতীতে আগুনে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন। আরেক ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, বাজারে পানির কোনো বড় সংরক্ষণ ব্যবস্থা নেই। রাত হলে সবসময় দুশ্চিন্তা কাজ করে। প্রশাসনের কাছে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবি জানাই।
অন্যদিকে বাজারে কোনো পাবলিক টয়লেট না থাকায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. হোসেন আলী বলেন, প্রতিদিন শত শত মানুষ এই বাজারে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
আরেক বাসিন্দা আব্দুল রহিম বলেন, বাজারে একটি পাবলিক টয়লেটও নেই। নারী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিনেও এর সমাধান হয়নি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই বাজারে আসেন। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। দ্রুত একটি পাবলিক টয়লেট ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করা প্রয়োজন।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, মধ্য বোয়ালখালী বাজারের বিষয়টি আমাদের নজরে এলে সরেজমিনে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, বাজারে দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একটি বড় পানির রিজার্ভার স্থাপন করা হোক। তাদের মতে, অতীতের অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা ও বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজারটির নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।