তারেক আজিজ লিংকন, স্টাফ রিপোর্টার:
প্রকৃতির এক চরম রোষের মুখে দাঁড়িয়ে বিশ্ব। প্রশান্ত মহাসাগরে ঘনীভূত হওয়া বিরল ও শক্তিশালী ‘সুপার এল নিনো’ ২০২৬ সালে বৈশ্বিক জলবায়ু ও অর্থনীতিকে এক অভূতপূর্ব সংকটের দিকে ঠেলে দিচ্ছে । আবহাওয়াবিদদের আশঙ্কা, এবারের এল নিনো গত ১৪০ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত হতে পারে।
২০২৬-২৭ সালের এল নিনো চক্রটি একটি ‘সুপার’ ইভেন্টে পরিণত হওয়ার সম্ভাবনা প্রায় ৮২ শতাংশ। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ার ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও ভারতে ভয়াবহ খরা এবং দক্ষিণ আমেরিকায় বিধ্বংসী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, এই পরিস্থিতি জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে, যা বিশ্বজুড়ে বাস্তুতন্ত্রের দীর্ঘস্থায়ী ক্ষতি করবে।
বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এল নিনোর প্রভাবে দেশটিতে বৃষ্টিপাত মারাত্মকভাবে কমে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়।