মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬”-এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এই অর্জনের খবরে জেলার শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একজন প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষা উন্নয়নে প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ নায়িরুজ্জামান জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের নিবিড় তদারকির মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করেন।
এছাড়া বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করে তুলতে বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। তার প্রত্যক্ষ তদারকিতে জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলা প্রশাসকের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিদ্যালয়মুখী শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে জেলার প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে।
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার দূরদর্শী নেতৃত্বে নীলফামারীর শিক্ষা খাত ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং জেলার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার অধিক সুযোগ লাভ করবে।
জেলার সর্বস্তরের মানুষের অভিমত, এই সম্মান শুধু জেলা প্রশাসকের নয়, বরং সমগ্র নীলফামারীবাসীর জন্য একটি গৌরবময় অর্জন। প্রাথমিক শিক্ষা উন্নয়নে তার অব্যাহত প্রচেষ্টা ও নেতৃত্ব আগামী দিনেও জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, আধুনিক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।