জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করেছে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউরেনিয়াম ব্লাড ব্যাংক।
সোমবার (৮ জুন) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে সক্ষম হয়।
মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল দল ইউরেনিয়াম থেকে পরবর্তীতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ইউরেনিয়াম ব্লাড ব্যাংক গঠন করা হয়। সংগঠনটি নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে কাজ করছে।
কর্মসূচিতে ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল হাসান মনির এবং তানভীর আহমেদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচি বাস্তবায়নে ২০১৭ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান তনু, আল আমিন আহমেদ, মারজান আহমেদ, শরিফুল ইসলাম, সানজিদা ইসলামসহ আরও অনেক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মহিষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিহাদ মিয়া বলেন, বড় ভাইদের উদ্যোগে নিজের রক্তের গ্রুপ জানতে পেরে আমি খুবই আনন্দিত। আগে আমার রক্তের গ্রুপ কী, তা জানা ছিল না। আজ এই কর্মসূচির মাধ্যমে সেটি জানতে পেরেছি।
ইউরেনিয়াম ব্লাড ব্যাংকের অন্যতম আয়োজক রাকিবুল ইসলাম তনু জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।