মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বালিয়াকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিচ সুলতানা, বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রাণী দাস এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কণা রাণী দাস।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাণবন্ত যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।