১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে জেলেদের সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৫

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে জেলেদের সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জেলেদের চাল বিতরণে অনিয়ম এবং প্রকৃত জেলেদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। একই সময়ে মলংচড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম চাল বিতরণের অনুমতি সংক্রান্ত বিষয়ে ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়, এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জসিম পাটোয়ারীর অভিযোগ, প্রকৃত জেলেদের তালিকার বাইরে ১০৪ জন কার্ডধারী জেলেকে বঞ্চিত করার প্রতিবাদ করায় তাকেসহ তার লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম। তার দাবি, জসিম পাটোয়ারী ও সেলিম মেম্বারের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়, এতে তার হাত ভেঙে গেছে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top