নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর হাতিরঝিলের রামপুরা টিভি সেন্টার এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। শুক্রবার (১২ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টা ৪৭ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পলাশের বাসায় একটি মিলাদ অনুষ্ঠানের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ বলছে, হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।