মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের তাকে স্পর্শ না করার অনুরোধ জানান।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বাকি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

এটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ষষ্ঠ রায়। রায়টি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, নির্দেশনা ও কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমন এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনে হাসানুল হক ইনুর সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, বলপ্রয়োগে উৎসাহ দেওয়া, তৎকালীন সরকারের বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে কঠোর পদক্ষেপে সমর্থন দেওয়া, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সহায়তা, গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ।

এ ছাড়া অভিযোগপত্রে কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারী নিহত হওয়ার ঘটনায় নির্দেশনা প্রদান এবং দেশব্যাপী সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। তবে বিচারিক পর্যালোচনার পর আদালত আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেন এবং বাকি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top