হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৪৩তম বিসিএসের গেজেট বাতিলের দাবি

৪৩তম বিসিএসের গেজেট থেকে বিভিন্ন ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ১৬৮ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার (৩০ ডিসেম্বর) ওই গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকাশিত এ গেজেটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, এমন গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ যে হীন মানসিকতার স্পষ্টত প্রতিফলন হয়েছে, তা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থি।

অনতিবিলম্বে ‘বৈষম্যপূর্ণ’ গেজেট প্রত্যাহার করে ৪৩তম বিসিএসের বাদ পড়া সবাইকে অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ঐক্য পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপন জারি, ১৬৮ জন বাদ

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে ৩০ ডিসেম্বর (সোমবার) আবার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন প্রার্থী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।

এর আগে ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন।

বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারের ৩ জন এবং পুলিশ ক্যাডারের ৮ জন।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top