নিজস্ব প্রতিনিধি:
চার দিনের চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।
তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সরকার আশাবাদী। কৌশলগত সহযোগিতার পাশাপাশি উন্নয়ন প্রকল্প, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকালে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের জাতীয় জাদুঘরও পরিদর্শন করবেন।
চার দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানকার সফর শেষে গত সোমবার তিনি চীনের দালিয়ানে পৌঁছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নেন। পরে বুধবার বেইজিংয়ে পৌঁছে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।