নিজস্ব প্রতিনিধি:
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণে দেশে মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইনি কাঠামো দিয়ে মাদকের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। ফলে অভিযান পরিচালনায় তারা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন।
তিনি জানান, ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র প্রদানের পাশাপাশি বিদ্যমান মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইন চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। এ পরিস্থিতিতে দ্রুত বিচার নিশ্চিত করতে মাদক মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচলিত আদালতেও এসব মামলার বিচার কার্যক্রম চলবে।
তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে এক হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
এছাড়া বেসরকারি পর্যায়ে পরিচালিত মাদক নিরাময় কেন্দ্রগুলোর কার্যক্রমকে উৎসাহিত করতে দেশের ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে মোট এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।