তিস্তা ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ, ইতিবাচক আশ্বাস

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার বিভিন্ন নদী খনন ও পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন।

তিনি বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

চীনের মন্ত্রী বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় যে সহযোগিতা গড়ে উঠেছে, তা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, আধুনিক সেচব্যবস্থা উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সক্ষমতা বৃদ্ধিতেও চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

লি গোওইং বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি এ খাতে বাংলাদেশের প্রকৌশলী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top