প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

নিজস্ব প্রতিনিধি:

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদন করা যাবে।

তিনি জানান, মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতোই চালু রয়েছে এবং ভবিষ্যতে এ সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন দীনেশ ত্রিবেদী।

গত ১২ জুন পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শূন্যরেখায় তাকে স্বাগত জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস এবং বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এর আগে ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি পরিবারে জন্ম হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। পরে ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top