নিজস্ব প্রতিনিধি:
সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের নেওয়া উদ্যোগের প্রশংসা করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (২৫ জুন) চার দিনের সরকারি সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা নিয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান কঠোর। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী জানান, বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি জাতীয় সংসদে সিলেটের স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মাজার সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়েই একটি স্থায়ী ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাম্প্রতিক বদলি প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসকদের বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এ বদলির সঙ্গে মাজারের অর্থ ব্যবস্থাপনা-সংক্রান্ত উদ্যোগের কোনো সম্পর্ক নেই।
সফরের অংশ হিসেবে মন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তিনি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া বিমানবন্দরে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ প্রবাসীদের জন্য বিশেষ লাগেজ সহায়তা, প্রাথমিক চিকিৎসা সুবিধা, নিরাপত্তা জোরদার এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পরে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।