আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।
ভাষণে প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ জুন) প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির ঝুঁকি বিশ্লেষণ অনুযায়ী, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হতে পারে।
ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকির জন্য একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট দেশবাসীর প্রতি শান্ত থাকার এবং ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী, জরুরি সেবা বিভাগ ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছেন। আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।