নিজস্ব প্রতিনিধি:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী।
তিনি জানান, মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।
বর্তমানে এ মামলায় অভিযুক্তদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন এবং শাহজাহান খান কারাগারে রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।