সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রথম দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর আঁতিবে অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ফ্রান্স-ইতালি কৌশলগত অংশীদারত্ব চুক্তি কার্যকর হওয়ার পর এই প্রথম দুই নেতা আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে ভূমধ্যসাগর উপকূলের ভিলা আইলেনর প্রাসাদে, যেখানে ইতালির প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে প্রতিরক্ষা, পারমাণবিক জ্বালানি, মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও কার্যকর ও গভীর করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা ম্যাক্রোঁ ও মেলোনির মধ্যে অতীতে নানা ইস্যুতে মতবিরোধ ছিল। ইউরোপীয় রাজনীতিতে ম্যাক্রোঁ মধ্যপন্থার প্রতিনিধিত্ব করলেও মেলোনি ডানপন্থি জোটের নেতৃত্ব দিচ্ছেন। তবুও গত বছরের জুনে রোমে অনুষ্ঠিত দীর্ঘ একান্ত বৈঠকের পর থেকে দুই নেতার সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর ইউরোপীয় কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরির প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইতালি বিশেষজ্ঞ মার্ক লাজারের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উভয় নেতা বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও মারকোসুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতার মতো কিছু বিষয়ে তাদের অবস্থান কাছাকাছি।

তবে অভিবাসন নীতি ও ইউক্রেন ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়ে দুই দেশের অবস্থানে এখনও পার্থক্য রয়েছে। ইতালির অভিবাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা কিংবা ইউক্রেনে সেনা পাঠানোর প্রশ্নে মেলোনির অবস্থান ম্যাক্রোঁর থেকে ভিন্ন।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি রোডম্যাপ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনকে সরবরাহ করা যৌথ এসএএমপি/টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে।

এ ছাড়া পারমাণবিক জ্বালানি খাতে নতুন সহযোগিতা চুক্তি এবং ইলন মাস্কের স্টারলিংকের বিকল্প হিসেবে ইউরোপীয় স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু ফ্রান্স-ইতালি সম্পর্কের উন্নয়নই নয়, বরং ইউরোপীয় রাজনীতিতে দুই প্রভাবশালী দেশের ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনাও নির্ধারণ করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top