ইমতিয়াজ, জবি প্রতিনিধি:
০৭ দিন নিখোঁজ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের সন্ধান পাওয়া গেছে।
জানা যায়, গত ১৮ জুন (বৃহস্পতিবার) তিনি নিখোঁজ হন। দীর্ঘ এক সপ্তাহ পর বৃহস্পতিবার (২৫ জুন) তার খোঁজ মেলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে পাওয়া যায়।
উদ্ধারের পর সিরাজুল ইসলাম বলেন, “আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথা এখন কাজ করছে না। আমি কিছু জানাতে পারছি না।”
সিরাজুলের বাবা আবুল কালাম জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, সিরাজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছেন। এ সময় তিনি জানান যে তিনি নিজেও বিশ্ববিদ্যালয়ে আছেন। জবাবে সিরাজ বলেন, “আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি।”
তিনি আরও বলেন, পরে জানতে পারেন যে সিরাজ বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এখনও ঘটনার বিস্তারিত বিষয়ে ছেলের সঙ্গে কথা বলা হয়নি।
আবুল কালাম জানান, ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সিরাজ কোনো ধরনের হয়রানির শিকার হননি। তাকে খুঁজে বের করতে পরিবার, সহপাঠী ও সংশ্লিষ্টরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করে বলেন, “দায়িত্বে থাকা এসআই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তিনি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনো ধরনের হয়রানি করেননি।”