২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জবি আইটি সোসাইটির উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন দ্য এরা অব আইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে ‘ইবিএল প্রেজেন্টস: ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন দ্য এরা অব আইটি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলার ১২১৮ নম্বর (আইইআর) কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মডারেটর এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক আবু লায়েক। অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান যুগে বাস্তবসম্মত অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সমাজ বা দর্শনে অনেক সময় অর্থকে অনর্থের মূল হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব জীবনে সঠিক আর্থিক পরিকল্পনা ছাড়া জীবন স্থবির ও অর্থহীন হয়ে পড়ে। তাই তরুণ বয়স থেকেই সুশৃঙ্খল আর্থিক অভ্যাস গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর এফএভিপি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের ডেপুটি হেড মো. রায়হান সুলতান। তিনি শিক্ষার্থীদের করপোরেট আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির যুগে ফাইন্যান্সের গুরুত্ব ও ক্যারিয়ার গঠন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো. রায়হান সুলতান বলেন, “আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছুর সাথেই আর্থিক সাক্ষরতা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে আয় করা সহজ হলেও ভোগবাদী সংস্কৃতির কারণে তরুণদের মাঝে খরচের প্রবণতা অনেক বেশি। উন্নত দেশে কোনো কাজকেই ছোট করে দেখা হয় না যা আমাদের দেশে ভাবা হয়। ছাত্রজীবন থেকেই অর্থ আয় এবং এর সঠিক ব্যবস্থাপনার মানসিকতা তৈরি করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “জরুরি মুহূর্ত এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে জমানোর অভ্যাস করা উচিত।” পুরো বক্তব্য জুড়ে তিনি তরুণদের অতিরিক্ত খরচের কারণ, সঞ্চয় করতে না পারার অন্তরায় এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্পটেই সম্পূর্ণ বিনামূল্যে ‘ইবিএল ক্যাম্পাস অ্যাকাউন্ট’ খোলার বিশেষ সুযোগ দেওয়া হয়। প্রযুক্তি ও আর্থিক জ্ঞানের এই মেলবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top