নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথার আহমেদ প্রেমের পরিবারের খোঁজখবর নিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় আহত শিক্ষার্থীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। এ সময় তার সঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন।
ওসিকে উদ্দেশ করে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক কারবারিরা যদি দাপটের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার করে আর একজন স্কুলছাত্র নিরাপদে স্কুলে যেতে না পারে, তাহলে আমাদের দায়িত্বে থাকার কোনো অর্থ নেই। প্রয়োজন হলে সবাই পদ ছেড়ে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মাদক কারবারিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সরাসরি কথা বলা হবে। ইতোমধ্যে তিনি কুমিল্লার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ সময় আহত শিক্ষার্থী প্রেমের মা সোনিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, এলাকায় অপু ও সাব্বির নামে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন ছেলে স্কুল থেকে টিফিন শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়।
তিনি বলেন, “আমার একমাত্র ছেলে। ওর কোনো ক্ষতি হলে আমি কী নিয়ে বাঁচব?”
সংসদ সদস্য আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথার আহমেদ প্রেমসহ অন্তত পাঁচজন আহত হন।
প্রেম কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।