নিজস্ব প্রতিবেদক:
চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ২৪ লাখ ডলার।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি মার্কিন ডলার। ফলে গত বছরের তুলনায় চলতি সময়ে প্রবাসী আয়ের প্রবাহে সামান্য বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসে দেশে এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়।
এরও আগে এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এ ছাড়া ফেব্রুয়ারি মাসে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী আয়।