সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহিত না করতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের পর তফশিলি ব্যাংকগুলোর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সঞ্চয়পত্র বিক্রি ও বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্বের অংশ।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, কিছু তফশিলি ব্যাংক নানা অজুহাত ও প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। অথচ এসব ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রির নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তফশিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ফলে বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র ক্রয়ে সহযোগিতা করা এবং সেবা প্রদান নিশ্চিত করা তাদের আইনগত দায়িত্ব।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক শাখাগুলোকে নিয়মিতভাবে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য দৃশ্যমান স্থানে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ নির্দেশনা পাঠিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সঞ্চয়পত্র বিক্রি ও সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top