মোবাইল অপারেটরদের কাছে সরকারের ১৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব বকেয়া

নিজস্ব প্রতিনিধি:

দেশে কার্যরত চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে সরকারের পাওনা রয়েছে ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে বকেয়া রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের বিরুদ্ধে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মোট দাবি ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানটি দুই দফায় ২ হাজার কোটি টাকা এবং ভ্যাট-সংক্রান্ত মামলার রায়ের পর আরও ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। বর্তমানে অবশিষ্ট বকেয়া ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

অন্যদিকে টেলিটকের বকেয়ার মধ্যে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটিতে রূপান্তরের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

রবি আজিয়াটার ক্ষেত্রে মোট ৬১৫ কোটি টাকা বকেয়ার মধ্যে ৪৯০ কোটি টাকা ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি এবং ১২৫ কোটি টাকা রেভিনিউ শেয়ারিংয়ের ওপর প্রযোজ্য ভ্যাট বাবদ পাওনা রয়েছে। এসব বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

বাংলালিংকের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ মোট দাবি ছিল ৮১১ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করেছে। বর্তমানে এ খাতে ৪৩০ কোটি টাকা এবং রেভিনিউ শেয়ারিংয়ের ওপর প্রযোজ্য আরও ৪৩ কোটি টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে বিটিআরসির আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ে সরকার প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top