৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

সব দোষী গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা দায়ের এবং অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভের সময় কিছু স্থানে সহিংস ও বেআইনি ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। হামলা ও ভাঙচুরের এসব ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি।”

তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি মামলা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিবৃতিতে জানানো হয়, “দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে একাধিক স্থানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালীন সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করছে। যতক্ষণ না সব অপরাধীকে গ্রেফতার করা যায়, অভিযান চলবে।”

প্রেস সচিব আরও বলেন, “তদন্তে সহায়তা করতে পারে এমন কোনো তথ্য কারও জানা থাকলে আমরা অনুরোধ করছি, তারা যেন তা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করেন। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”

উল্লেখ্য, সোমবারের বিক্ষোভে দেশের বিভিন্ন জেলায় কেএফসি, পিৎজা হাট, বাটার শোরুমসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top