২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্যুটার ফয়সাল করিম মাসুদ আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন—দাবি জুলকারনাইন সায়েরের

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। এ বিষয়ে তিনি নতুন তথ্য দিয়েছেন।

রোববার এক ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের জানান, ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত একটি ফোন নম্বর শনাক্ত করা হয়েছে। তার দাবি অনুযায়ী, ঘটনার পর ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বর্তমানে গুয়াহাটিতে অবস্থান করছে।

সায়ের আরও দাবি করেন, ভারতে পৌঁছানোর পর ফয়সালকে পালাতে সহায়তা করেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি বলেন, ওই ব্যক্তি ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে দেন।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন।”

তিনি আরও জানান, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল ঘনিষ্ঠ মহলে নিজের অবস্থান জানান দেয়। সায়েরের দাবি অনুযায়ী, “+৯১৬০০১৩৯৪০**” নম্বরটি ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ কয়েকটি নম্বরে একটি সেলফি পাঠায়। ওই ছবির একটি ইন্টারসেপ্ট করা হয়েছে, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top