মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ-কে সাময়িকভাবে পদ থেকে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক লিখিত আদেশে মোঃ আব্দুল মজিদের দলীয় পদ ও সংশ্লিষ্ট সকল সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। এ ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-এর নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।