আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে “মাহে রমজানের মহিমা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় ফতেপুর ইউনিয়নের রামনগরে অবস্থিত হাজী মুজিব কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় আলেম-উলামা, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের রোজাদার মুসল্লিরা উপস্থিত ছিলেন। খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাজী মুজিবুর রহমান শিকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক মূল্যবোধ গঠনের মাস। এই মাস আমাদেরকে সংযম, ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। তিনি বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম বলেন, রমজান মানুষকে আল্লাহভীতি ও নৈতিকতার শিক্ষা দেয়। এই মাসে কোরআন তিলাওয়াত, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ের সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারেরও মাস। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।
ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন বলেন, যুব সমাজ যদি রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারে, তাহলে তারা জাতি ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে। তিনি তরুণদেরকে নৈতিকতা, দ্বীনি মূল্যবোধ ও আদর্শিক নেতৃত্ব গঠনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা ইয়াহইয়া আহমদ বলেন, রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। তিনি এই পবিত্র মাসে বেশি বেশি ইবাদত, তওবা ও মানবসেবামূলক কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাজী মুজিবুর রহমান শিকদার বলেন, রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করা সম্ভব। তিনি ফতেপুর ইউনিয়নে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন তালুকদারসহ খেলাফত মজলিস ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।