ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ, অনলাইন সেবা বাধ্যতামূলক – ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিনিধি:

উপজেলা ভূমি অফিসে নিয়ন্ত্রণহীন দুর্নীতি বন্ধে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দালালদের হস্তক্ষেপ কমাতে ই-নামজারি সেবা বাধ্যতামূলক করা হয়েছে এবং সব আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পর্কে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে জানানো হচ্ছে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।

মন্ত্রী বলেন, নগদ লেনদেন বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নাগরিকরা এনআইডি ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে কর জমা দিতে পারছেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কেউ ঘুষ বা হয়রানির শিকার হলে ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টা অভিযোগ জানানো যাবে, যা সরাসরি মন্ত্রণালয় থেকে তদারকি করা হয়।

ভূমি সংক্রান্ত জালিয়াতি রোধে ডিজিটাল সার্ভে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সঠিক মানচিত্র তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে সারা দেশে বাস্তবায়ন করা হবে।

এছাড়া অনলাইনে খতিয়ান দেখা ও পর্চা সংগ্রহের সুবিধা চালু হওয়ায় দালাল নির্ভরতা কমেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। ভূমি সেবা সহজ করতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সফটওয়্যার চালুর কাজও চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top