‘ইরান যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। একই সঙ্গে যুদ্ধের প্রকৃত ফলাফল নিয়ে জনগণের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট নেতা মিকি শেরিল বলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের উদ্দেশ্য একাধিকবার পরিবর্তন করেছে। কখনও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, কখনও পারমাণবিক কর্মসূচি বন্ধ, আবার কখনও সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, “প্রশাসনের লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে, যুদ্ধের ব্যয়ও বেড়েছে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে।”

শেরিলের দাবি, ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। ফলে এই ইস্যুকে যুদ্ধের সাফল্য হিসেবে তুলে ধরার সুযোগ নেই।

গভর্নর মিকি শেরিলের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান নীতিতে ট্রাম্প প্রশাসনের কার্যকারিতা এবং যুদ্ধের ফলাফল নিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের সমালোচনা আরও জোরালো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top