নিজস্ব প্রতিনিধি:
হজ ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিরুদ্ধেও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।
হজ টিমের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা হজযাত্রীদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও জানান, যারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং হাজিদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের ভবিষ্যতেও এই দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এছাড়া বিভিন্ন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন এবং হজ ব্যবস্থাপনায় দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।