নিজস্ব প্রতিনিধি:
ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
Earthquake Track-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল হোমালিন, সাগাইং অঞ্চল, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপন্ন হওয়ায় এর তীব্রতা তুলনামূলক কম ছিল, ফলে বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভোরে মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল কামজং, মণিপুর।
এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা মাঝারি গভীরতার কম্পন হিসেবে বিবেচিত।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, একই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং কেন্দ্রের গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।