নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার সেই দুর্নীতি রোধ করে দেশের নিজস্ব অর্থায়নে জনগণের উন্নয়ন নিশ্চিত করতে চায়।
সোমবার দুপুরে বগুড়ার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধানমন্ত্রী জানান, নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। তিনি বলেন, নারী-পুরুষ উভয়ের আয় ছাড়া এখন পরিবারকে স্বাবলম্বী করা কঠিন। এদিন ৯১১ জন মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ২৩টি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে চার কোটি মায়ের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। তাই দুর্নীতি দমন করে দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।
পরে প্রধানমন্ত্রী চৌকির ঘাট খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে তার পিতা জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। এখন তা পুনরায় খনন করা হচ্ছে। খালের দুই পাশে গাছ লাগানো হবে, মাছ চাষ করা হবে এবং স্থানীয় নারীরা সেখানে শাকসবজি চাষ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়বে, বন্যা নিয়ন্ত্রণ সহজ হবে এবং শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে বগুড়া সফরে প্রধানমন্ত্রী বগুড়া জেলা জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন এবং জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন। পরে বগুড়া পৌরসভা ভবনে গিয়ে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করেন।
এছাড়া তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং সফরের অংশ হিসেবে বগুড়া প্রেস ক্লাব-এর নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনেরও কথা রয়েছে।