৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ন্যায়বিচার নিশ্চিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা বাড়াতে বিচার বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেসব বিষয় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে, সেগুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দায়িত্ববোধ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ, জনপ্রিয়তা নয়। সব পরিস্থিতিতে ন্যায় ও সঠিক পথ অনুসরণ করতে হবে।

মো. আসাদুজ্জামান বলেন, তিনি নিজের দায়িত্ব ও সীমারেখা সম্পর্কে সবসময় সচেতন থেকেছেন এবং কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে সরে আসেননি। ভবিষ্যতেও সে অবস্থান বজায় রাখবেন বলেও জানান তিনি।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিচারকদেরও এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামকে সফল করতে হলে বিচার বিভাগের সততা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এমদাদুল হক, যিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ সময় আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক, প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top