নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটসংলগ্ন জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে তারা ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস নিয়ে যেতে সক্ষম হলেও অপরটি নিয়ে যেতে পারেনি।
ঘটনার সময় শব্দ পেয়ে দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্বৃত্তদের ধাওয়া করলেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পর অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও সম্ভাব্য ইন্ধনদাতাদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।