মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহৎ সেচ ও পানি ব্যবস্থাপনা প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।পরিদর্শনকালে তারা তিস্তা অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ব্যারাজের কার্যক্রম, পানি প্রবাহ ব্যবস্থাপনা, সেচ সুবিধা এবং নদীতীরবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শন শেষে তারা তিস্তা অবসর হলরুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, নদীশাসন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের কৃষি, সেচ, জীববৈচিত্র্য ও জনজীবনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নদীভাঙন কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, লালমনিরহাট ও নীলফামারীর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
উল্লেখ্য, তিস্তা ব্যারাজ দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম সেচ প্রকল্পগুলোর অন্যতম। প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি প্রবাহ, বন্যা ও নদীভাঙন মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়ে আসছে। সংশ্লিষ্টদের মতে, তিস্তা অববাহিকার টেকসই উন্নয়ন ও নদী ব্যবস্থাপনায় সরকারের উচ্চপর্যায়ের এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।