শহীদ নাফিজের নিথর দেহ বহন করা সেই রিকশা গণভবনে স্থান পাচ্ছে

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে।

গণভবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে গিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা জানান।

গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

রিকশাচালক নূর মোহাম্মদ ওরফে নূরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের নিকট বিক্রি করেছেন বলে জানান। পরবর্তী সময় আহসানুল কবীর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন।

সে অনুযায়ী বৃহস্পতিবার রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নিকট হস্তান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটের পদচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ।

গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো তিনি রিকশার রড হাত দিয়ে ধরে রেখেছিলেন।রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। রিকশায় নাফিজের নিথর দেহের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখেছে কেঁদেছে কোটি মানুষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top