‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ : আদালতে সাবেক মন্ত্রী শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক:

“মন খারাপ নেই, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি”—এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাবেক নৌপরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড ও জামিন শুনানির জন্য বিভিন্ন মামলায় হাজির করা হয় শাজাহান খানকে। তিনি শুনানির সময় কাঠগড়ার সামনেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনানিতে অংশ নেন এবং মাঝে মাঝে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে।

শুনানির সময় তিনি আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন এবং অন্যান্য আসামিদের সঙ্গে কথাও বলেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়।

আদালত থেকে তাকে যখন হাজতখানায় নেওয়া হচ্ছিল, তখন তার হাতে ছিল হাতকড়া, পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট। তবে তার মুখে ছিল হাসি।

সাংবাদিকরা কারাগারে কেমন নববর্ষ কেটেছে জানতে চাইলে শাজাহান খান হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…”

তিনি আরও বলেন, “মন খারাপ নেই, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top