১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বেনজীর আহমেদের কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত তাহসিন রাইসা জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং ওই অর্থ পাচারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ফ্ল্যাট কেনেন। এই সম্পদ দখল ও হস্তান্তর রোধ করতে জব্দ ও অবরুদ্ধ করার আদেশ আবশ্যক ছিল।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও দুই কন্যার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক।

মামলায় বলা হয়, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২ কোটি ৬২ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং মেজ মেয়ে তাহসিন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদক সূত্র জানায়, বিদেশে পাচার করা এসব অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সম্পদ জব্দের আদেশ সেই উদ্যোগের অংশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top