নিজস্ব প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও অনিশ্চয়তায় পড়েছে। ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে হরমুজ প্রণালি পার হতে দেওয়া হয়নি এবং নিরাপত্তার কারণে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়।
তিনি বলেন, ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিক পর্যায়ে চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে নিরাপদে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত রয়েছে বলে জানান তিনি। পর্যাপ্ত খাদ্য মজুত থাকার পাশাপাশি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে জাহাজটির। তবে জ্বালানি সাশ্রয়ের জন্য পানির ব্যবহার সীমিত করে দৈনিক প্রায় ৬ টনে নামিয়ে আনা হয়েছে।
নাবিকদের মনোবল ধরে রাখতে খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং বেসিক বেতনের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি।
জাহাজটি বর্তমানে ৩৭ হাজার টন সার বহন করছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছানোর কথা ছিল।