বিসিএস পরীক্ষার সিলেবাসে বড় পরিবর্তনের উদ্যোগ, গঠন করা হয়েছে কমিটি

নিজস্ব প্রতিনিধি:

বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ ব্যবস্থায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য হলো স্কিল-বেজড পরীক্ষা পদ্ধতি চালু করা।

তিনি আরও জানান, বিসিএস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের জন্য গঠিত কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো বিশ্লেষণ করে সুপারিশ দেবে।

মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হবে। এতে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি মূল্যায়ন করা হবে।

নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির সময়ই পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top