সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় আইন অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন বলেন, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। আসনটি শূন্য হলে তা সব দল ও জোটের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হয়।

বাছাই শেষে মনিরা শারমিন বলেন, আইনজীবীর পরামর্শ নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

তার আইনজীবী নাজমুস সাকিব জানান, আগামী রোববার নির্বাচন কমিশনে আপিল করা হবে এবং তারা প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদী।

মনিরা শারমিন ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক হন। এর আগে তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ অফিসার জেনারেল হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর অতিক্রম না হলে কেউ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হন না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ এপ্রিল আপিল দাখিল, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার, ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top