২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আজ এনসিপিতে যোগ দিচ্ছেন

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রায় তিন হাজার নেতাকর্মীসহ তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে। এ কারণে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।

আলাউদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, রাজধানীতে এনসিপির সাংগঠনিক শক্তি বাড়াতে ইসহাক সরকারের মতো নেতার প্রয়োজন রয়েছে। তাই তিনি স্বেচ্ছায় পদ ছাড়ছেন।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ইসহাক সরকার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ এখন আর বিএনপিতে দেখা যায় না, বরং সেই আদর্শ এনসিপির মধ্যে খুঁজে পেয়েছেন বলেই তিনি নতুন দলে যোগ দিচ্ছেন।

ইসহাক সরকার অতীতে ছাত্রদল ও যুবদলে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সক্রিয় থাকায় তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরে কয়েকটি মামলায় আদালত তাকে খালাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দল তাকে বহিষ্কার করে।

শুক্রবারের অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত নূরুজ্জামান কাফিও এনসিপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। পাশাপাশি মহিউদ্দিন রনিও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তিনি রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান।

উল্লেখ্য, সম্প্রতি আরও বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী ও ছাত্রনেতা এনসিপিতে যোগ দিয়েছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, কারও অতীত পরিচয় নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই তারা প্রাধান্য দিচ্ছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top