নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে চলমান আইনি জটিলতার অবসান হতে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কমিশন কোনো আপিল করবে না।
তিনি আরও বলেন, যেহেতু মামলায় নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হয়নি, তাই কমিশনের পক্ষ থেকে আপিল করার প্রশ্ন ওঠে না।
এর আগে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পরে, অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। পরে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।
সোমবার আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণের পর তা যাচাই-বাছাই করা হবে। বৈধ ঘোষিত হলে এবং কোনো আপিলে বাধা না এলে তিনি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংরক্ষিত নারী আসনের তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। এ সময়ের মধ্যে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন, স্বতন্ত্র জোটের একজন এবং ব্যক্তিগতভাবে তিনজন প্রার্থী ছিলেন। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী বৈধ হন।
তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।