নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হঠাৎ করে আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না; বরং সংগঠিত প্রস্তুতি এবং সঠিক সময়ে ঘোষণা দিলেই আন্দোলন বিজয়ের মুখ দেখে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, শ্রমিক আন্দোলনের অগ্রদূতরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই মে দিবসের সূচনা সম্ভব হয়েছে। এ উপলক্ষে তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নজরুল ইসলাম খান বলেন, মে দিবস শ্রমিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দেশ-বিদেশে কর্মরত সব বাংলাদেশি শ্রমিকসহ বিশ্বের সকল পরিশ্রমী মানুষের প্রতি তিনি শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, যারা শ্রমিক আন্দোলনের বর্তমান ভিত্তি তৈরি করেছেন, তাদের স্মরণ ও সম্মান না করলে ভবিষ্যৎ প্রজন্মও আমাদের স্মরণ করবে না।