নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মসংস্থান সংকট মোকাবিলা এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, শ্রমিকদের প্রতি সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। তাদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একইসঙ্গে শ্রমিক পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যে প্রতিষ্ঠানে শ্রমিকরা সন্তুষ্ট মনে কাজ করেন, সেই প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদে সফল হয়। শ্রমিক শোষণের মাধ্যমে স্বল্পমেয়াদে লাভবান হওয়া গেলেও তা স্থায়ী হয় না। তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং শ্রমিকদের কষ্ট লাঘবে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যশোর কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন, রফিকুল হাসান ও রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া আরও বক্তব্য দেন সৈয়দ সাবেরুল হক সাবু, তানভিরুল ইসলাম সোহান, জাহিদ হাসান টুকুন, মাহবুবুর রহমান মজনু এবং শেখ আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আরিফুল ইসলাম। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।