মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী মনিরা শারমিন-এর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মে) বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাসেদুল ইসলাম জনি।

এর আগে একই বিষয়ে দায়ের করা রিট আবেদন শুনানির কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। ৪ মে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর বেঞ্চ নৈতিক কারণে মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন। আদালত সূত্রে জানা যায়, আবেদনকারী মনিরা শারমিন ও বিচারপতি আহমেদ সোহেলের বাড়ি একই সংসদীয় এলাকায় হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন। পরে মামলাটি বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চে পাঠানো হয়।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে বাংলাদেশ নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেন। পরে আপিল খারিজ হলে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top