নিজস্ব প্রতিনিধি:
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের রায় ও জনগণের মতামত উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দর এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ভোটও দিয়েছেন। কিন্তু এখন সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তার দাবি, বিএনপি সরকার ৭০ শতাংশ জনমতকে উপেক্ষা করছে।
উন্নয়ন কার্যক্রমে আঞ্চলিক ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ এসব উন্নয়ন দেশের বিভিন্ন অঞ্চলে ভারসাম্যপূর্ণভাবে হওয়া উচিত।
তিনি বলেন, জামায়াত উন্নয়নের বিরোধিতা করে না; বরং উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করে। তবে দলীয় বিবেচনায় বা আঞ্চলিক পক্ষপাতিত্বের ভিত্তিতে উন্নয়ন গ্রহণযোগ্য নয়।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এটি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, যারা একসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে আন্দোলন করেছিলেন, তারাই এখন বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানি করছেন। সরকারের সমালোচনা করলেই সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে তিনি ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। তার সফরসঙ্গী ছিলেন মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং গোলাম রব্বানী।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা। পরে তারা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।