৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রাম’-এ নামার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এখন নতুন করে সংগ্রাম শুরু করতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ। সেটা হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।” তিনি আরও বলেন, সরকারের সফলতা নিশ্চিত করতে দলীয় সমর্থন ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান জানান, নির্বাচনের আগে বিএনপির যে ইশতেহার ছিল, সরকার গঠনের পর সেটি এখন দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ, ভোটারদের বড় অংশ সেই প্রতিশ্রুতির পক্ষেই রায় দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছিল, যেখানে স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক বিতর্ক করা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা বলি এটি বিএনপি সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top