মোঃ নাঈম ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
“বাংলাদেশের সম্পদ চলনবিল। বিগত সরকার লুটপাটের কারণে চলনবিলের উন্নয়নে দিকে কোনো খেয়াল রাখেনি। বিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। চলনবিলে ফিস প্রসেসিং সেন্টার হবে। ফিস প্রসেসিংয়ের মাধ্যমে মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানিও করা হবে।”
“নাটোর শুধু কাঁচা গোল্লার জন্য বিখ্যাত নয়, মাছ উৎপাদনেও সেরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর চলনবিল। বিলটির উন্নয়ন করেনি বিগত আওয়ামী লীগ সরকার। শুধু লুটপাট ও বিদেশে টাকা পাচার করেছে ।
চলনবিলের মাছের উৎপাদন বাড়াতে এবং ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ। ”
গুরুদাসপুরে মৎস্য চাষী কল্যাণ সমিতির সম্মেলন উপলক্ষে উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী টুকু এসব কথা বলেন।
এ উপলক্ষে শনিবার বিকেলে মৎস্য মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। দুলু বলেন, “আওয়ামী লীগ দিনের ভোট রাতে নিয়েছে। ভোটারবিহীন ভোট করে ক্ষমতায় ক্ষমতায় ছিল। তাদের জবাবদিহিতা ছিল না। তারা উন্নয়ন করেনি।” তিনি এও বলেন, “চাপিলা ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এই দুই ইউনিয়নসহ গুরুদাসপুরে ( এমপি) আজিজ ভাইকে সঙ্গে নিয়ে মৎস্যখাত সহ ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাল্লাহ। ”
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা উত্তরণে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
অন্যদের মধ্যে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাফর ইকবাল নয়ন, জেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী, খামারি জাকির হোসেন প্রমূখ।
এসয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল আলম সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার, বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।